কলকাতা: কলকাতার শীর্ষস্থানীয় জুয়েলাররা সম্প্রতি দ্য পার্ক, কলকাতায় আয়োজিত একটি বিশেষ শিল্পভিত্তিক অনুষ্ঠানে একত্রিত হন। অনুষ্ঠানে তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়—প্রাকৃতিক হিরের গয়নার বাজার সম্প্রসারণ, সোনার ব্যবসায় মান ও স্বচ্ছতা আরও শক্তিশালী করা এবং কলকাতার জিআই-ট্যাগপ্রাপ্ত গয়নার জন্য আন্তর্জাতিক ব্যবসায়িক ও রপ্তানি সম্ভাবনা।
ইন্দ্রা: প্রাকৃতিক হিরের গয়নার প্রসারে জো ডি বিয়ার্সের ‘ইন্দ্রা’ পর্বে প্রাকৃতিক হিরের গয়নাকে আরও বৃহত্তর ক্রেতার কাছে পৌঁছে দেওয়া এবং আগামী দিনে এর প্রচার আরও শক্তিশালী করার কৌশল নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার একাধিক প্রতিষ্ঠিত জুয়েলার ও প্রাকৃতিক হিরের গয়না শিল্পের প্রতিনিধিরা। তাঁদের মধ্যে ছিলেন সাওয়ানসুখা জুয়েলার্সের সিদ্ধার্থ সাওয়ানসুখা, বি. সি. সেন জুয়েলার্সের নীলাঞ্জন সেন, ইন্ডিয়ান জেম অ্যান্ড জুয়েলারি ক্রিয়েশনের প্রমোদ দুগ্গড়, আর. আর. আগরওয়াল জুয়েলার্সের রতনলাল আগরওয়াল এবং মহাবীর দানওয়ার জুয়েলারের অরবিন্দ সোনি ও অমিত সোনি-সহ আরও অনেকে। পর্বটি পরিচালনা করেন ডি বিয়ার্স ইন্ডিয়ার মুরলি আইয়ার এবং দ্য রিটেল জুয়েলার ইন্ডিয়ার সমিত ভট্টা। আলোচনায় পূর্ব ভারতে প্রাকৃতিক হিরের বাজার বাড়ানো এবং তরুণ প্রজন্মের সঙ্গে প্রাকৃতিক হিরের গয়নার সংযোগ তৈরির উপর জোর দেওয়া হয়। পাশাপাশি সারা বছর ধরে প্রচার, ক্রেতা সচেতনতা এবং ডিজিটাল মাধ্যমে যোগাযোগ বৃদ্ধির গুরুত্বও তুলে ধরা হয়।
আইএজিইএস: বিশুদ্ধতার পাশাপাশি আস্থা ও স্বচ্ছতা
দ্বিতীয় পর্বে আলোচনার বিষয় ছিল ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর গোল্ড এক্সেলেন্স অ্যান্ড স্ট্যান্ডার্ডস বা আইএজিইএস। ভারতের সোনার গয়না শিল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও মান নির্ধারণ আরও শক্তিশালী করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য আইএজিইএস-এর প্রসঞ্জিত বসু এই পর্বটি পরিচালনা করেন। সোনার ব্যবসায় শুধুমাত্র বিশুদ্ধতা নয়, দায়িত্বশীল উৎস, নিয়ম মেনে চলা, স্বচ্ছতা এবং ধারাবাহিক ব্যবসায়িক প্রক্রিয়ার গুরুত্বের উপর জোর দেওয়া হয়।
জেমগোল্ড: আন্তর্জাতিক রপ্তানির নতুন সম্ভাবনা
তৃতীয় পর্বে কলকাতার জিআই-ট্যাগপ্রাপ্ত গয়নাকে আন্তর্জাতিক বাজারে পৌঁছে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। জুয়েলারদের ভারতীয় গয়নার রপ্তানি বাড়ানোর লক্ষ্যে তৈরি ব্যবসায়িক প্ল্যাটফর্ম ‘জেমগোল্ড’ সম্পর্কে জানানো হয়। জেমগোল্ড ভারতীয় গয়না প্রস্তুতকারকদের ২৫টি দেশের অনাবাসী ভারতীয় খুচরো বিক্রেতা ও পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে। মার্চ মাসে দুবাইয়ে অনুষ্ঠিত এই উদ্যোগ আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও রপ্তানির নতুন সুযোগ তৈরি করতে পারে। জেমস অ্যান্ড জুয়েলারি এক্সপোর্ট প্রমোশন কাউন্সিলের পঙ্কজ পারেখ কলকাতার গয়নার স্বতন্ত্র ঐতিহ্য, কারুকাজ ও সূক্ষ্ম নকশার কথা তুলে ধরেন। তিনি বলেন, পরিবর্তিত ক্রেতার চাহিদার সঙ্গে তাল মিলিয়েও কলকাতা তার নিজস্ব নকশার বৈশিষ্ট্য ধরে রাখতে সক্ষম হয়েছে।
তিন উদ্যোগ, এক অভিন্ন লক্ষ্য
ইন্দ্রা, আইএজিইএস এবং জেমগোল্ড ভিন্ন ক্ষেত্রে কাজ করলেও তিনটির অভিন্ন লক্ষ্য হল একটি শক্তিশালী, পেশাদার ও ভবিষ্যৎ-উপযোগী গয়না শিল্প গড়ে তোলা।প্রাকৃতিক হিরের বাজার সম্প্রসারণ, সোনার ব্যবসায় স্বচ্ছতা ও আস্থা বৃদ্ধি এবং আন্তর্জাতিক রপ্তানির নতুন সুযোগ—এই তিনটি গুরুত্বপূর্ণ দিককে এক মঞ্চে নিয়ে আসে কলকাতার এই বিশেষ শিল্প সম্মেলন।
