web analytics

মোল্লা জসিমউদ্দিন, বৃহস্পতিবার হুগলি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ (ডিএলএসএ) স্বেচ্ছাসেবী সংস্থা ‘সংকল্প টুডে’-এর সহযোগিতায় বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এবং নালসা প্রণীত ‘জাগৃতি’ প্রকল্প সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বিশেষ সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় দিল্লি রোডস্থিত ফুলবাড়ি রেস্টুরেন্ট কাম রিসর্টে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট শ্রী অসীমানন্দ মণ্ডল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্যিক এবং শিক্ষারত্ন সম্মানপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্রী হাসমত আলি। জেলার বিভিন্ন বৃদ্ধাবাসের আবাসিক এবং অন্যান্য প্রবীণ নাগরিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানের মূল বিষয় ছিল প্রবীণদের আইনগত অধিকার, মর্যাদাপূর্ণ জীবনযাপন এবং মানসিক সুস্থতা। মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমওএইচ), হুগলির মানসিক স্বাস্থ্য দলের পক্ষ থেকে মনোরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবাশিস দাস এবং মনোবিদ ঝিলম ব্যানার্জী প্রবীণদের মানসিক স্বাস্থ্য রক্ষা, একাকীত্ব মোকাবিলা এবং ইতিবাচক জীবনদৃষ্টিভঙ্গি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব শ্রীমতী মানালী সামন্ত ‘জাগৃতি’ প্রকল্পের আওতায় প্রবীণদের জন্য উপলব্ধ বিভিন্ন আইনগত সুরক্ষা ও পরিষেবা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন, “বয়স কেবলমাত্র একটি সংখ্যা। প্রবীণরাই সমাজের অভিভাবক ও অভিজ্ঞতার ভাণ্ডার। তাঁদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করেই একটি সুস্থ, সচেতন ও উন্নত সমাজ গড়ে তোলা সম্ভব।”

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights