web analytics

গোপাল বিশ্বাস -নদীয়া- নির্বাচন কমিশনের ওপর কেন্দ্রীয় সরকারের প্রভাব খাটিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ তুলে রাস্তায় নামল তৃণমূল কংগ্রেস। SIR এবং মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় বিশাল পদযাত্রার আয়োজন করে শান্তিপুর ব্লক বি তৃণমূল কংগ্রেসের SC ও OBC শাখা। ফুলিয়া প্রফুল্ল নগর থেকে শুরু হওয়া এই প্রতিবাদী পদযাত্রা শেষ হয় ফুলিয়া রঙ্গমঞ্চে। সেখানে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদ সভা। কর্মসূচির নেতৃত্ব দেন SC ও OBC ব্লক বি সভাপতি সুদীপ প্রামানিক। সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ তাপস মণ্ডল, প্রাক্তন বিধায়ক নীলিমা নাগ, প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ ও তপন সরকার সহ দলের একাধিক নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে নদিয়া দক্ষিণ সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি তাপস ঘোষ অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পরিকল্পিতভাবে রাজ্যজুড়ে ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। এই গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেস পথে নেমেছে বলে তিনি জানান। এই প্রতিবাদী পদযাত্রায় চার হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেসের নেতাকর্মী অংশগ্রহণ করেন। ফুলিয়া রঙ্গমঞ্চে অনুষ্ঠিত পথসভা থেকে SIR ও কেন্দ্রীয় সরকারের চক্রান্তের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করার ডাক দেওয়া হয়।

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights