
নিজস্ব সংবাদদাতা, বান্দোয়ান: নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে টিঁকিয়ে রাখতে ভূমিজ সম্প্রদায়ের মানুষ দীর্ঘদিন ধরেই নানামুখী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সেই আন্দোলনের অন্যতম প্রধান হাতিয়ার তাঁদের নিজস্ব ভাষা। আর সেই ভাষাকে সংরক্ষণ ও প্রসারের লক্ষ্যেই অভিনব উদ্যোগ গ্রহণ করেছে “অয়ন আখড়া” নামে একটি সংগঠন। সংগঠনের মূল উদ্দেশ্য হল গ্রামে গ্রামে পাঠশালা স্থাপন করে ভূমিজ সম্প্রদায়ের নিজস্ব ভাষা ও লিপিতে পাঠদান চালু করা। বর্তমানে পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের ১০টি কেন্দ্র সহ ঝাড়খণ্ডের ২৫টি এবং উড়িষ্যার ১০টি কেন্দ্রে নিয়মিতভাবে এই পাঠদান কর্মসূচি চলছে।
রবিবার এই সমস্ত কেন্দ্রেই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের পরীক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করেন এবং নিজেদের ভাষা শিক্ষার অগ্রগতি তুলে ধরেন। অয়ন আখড়ার সম্পাদক হিমাংশু সিং জানান, “ভারতবর্ষের সমস্ত ভূমিজ সম্প্রদায়ের মানুষ যেন একত্রিত হয়ে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করতে পারেন, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস। ভাষাই আমাদের অস্তিত্বের মূল ভিত্তি।” সংগঠনের একনিষ্ঠ সদস্য হরিশ পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের ভাষা ও সংস্কৃতিকে টিঁকিয়ে রাখতে ভূমিজ সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। নতুন প্রজন্মের অংশগ্রহণই আমাদের ভবিষ্যতের শক্তি।” কর্ডিনেটোর উমেশ সিং জানান, আগামী দিনে সরকারিভাবে প্রতিটি বিদ্যালয়ে ভূমিজ ভাষার স্বীকৃতি আদায়ের লক্ষ্যে তাঁরা আন্দোলন ও প্রচেষ্টা চালিয়ে যাবেন।
ভূমিজ সমাজের ভাষা ও সংস্কৃতি রক্ষায় অয়ন আখড়ার এই উদ্যোগ ইতিমধ্যেই এলাকায় সাড়া ফেলেছে। স্থানীয়দের আশা, এই প্রচেষ্টা আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে পড়বে।












