web analytics

গোপাল বিশ্বাস -নদীয়া- বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নদীয়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক (CMOH) এবং কৃষ্ণনগর সদর হাসপাতালের সুপারের দপ্তরের সামনে টানা বিক্ষোভে সামিল হলেন জেলা সদর হাসপাতাল ও শক্তিনগর জেলা হাসপাতালে কর্মরত প্রায় ৫০ জন অস্থায়ী কর্মী। আন্দোলনকারীদের অভিযোগ, গত বছর দুর্গাপুজোর আগেই কাজ শুরু করলেও দীর্ঘ সাত মাস ধরে তাঁরা কোনও বেতন বা বোনাস পাননি। একাধিকবার কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হলেও শুধুমাত্র আশ্বাসই মিলেছে, বাস্তবে বেতন মেলেনি। গত ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই আন্দোলন সোমবার পঞ্চম দিনে পড়ল। আর্থিক অনটনের চাপে সংসার চালানো থেকে শুরু করে চিকিৎসা—সব কিছুতেই চরম সমস্যার মুখে পড়েছেন কর্মীরা। এর মধ্যেই আন্দোলনের মধ্যেই রবিবার রাতে ও সোমবার সকালে দুই মহিলা অস্থায়ী কর্মী অসুস্থ হয়ে পড়েন। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ভর্তি করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। এই ঘটনায় আন্দোলনকারীদের ক্ষোভ আরও বেড়ে যায়। বিক্ষোভকারীরা স্পষ্ট জানিয়েছেন, অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ না হলে আন্দোলন আরও বৃহত্তর আকার নেবে। সোমবার সকাল থেকেই ফের সুপারের অফিসের সামনে স্লোগান ও বিক্ষোভে সরব হন তাঁরা।

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights