web analytics
b713deac-d0c3-4d08-a352-33db5a28044b

নদিয়া জেলা প্রশাসন এবং রানাঘাট মহকুমা শাসকের যৌথ উদ্যোগে ১২ মার্চ, ২০২৬ তারিখে রানাঘাট পৌরসভার ডা: বি. সি. রায় অডিটোরিয়ামে প্রবীণদের সুরক্ষা ও নারীদের কল্যাণে বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হল। এদিনের শিবিরের প্রধান লক্ষ্য ছিল রাজ্য সরকারের ‘স্টেট অ্যাকশন প্ল্যান ফর সিনিয়র সিটিজেন্স’ (SAP SrC)-এর সুযোগ-সুবিধাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া । বক্তারা প্রবীণদের অধিকার এবং তাঁদের সামাজিক সুরক্ষার ওপর বিশেষ জোর দেন। স্মার্টফোন ব্যবহার, অনলাইনে টাকা লেনদেন এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা সম্পর্কে প্রবীণদের সচেতন করতে ডিজিটাল ও আর্থিক সাক্ষরতার ওপর আলোকপাত করা হয়। তৃণমূল স্তরে সচেতনতা ছড়িয়ে দিতে মহকুমা শাসকের আহ্বানে অনুষ্ঠানে সক্রিয়ভাবে যোগ দিয়েছিলেন ১০ জন আশা কর্মী, ২০ জন আইসিডিএস কর্মী, ৫ জন সুপারভাইজার এবং রানাঘাট পৌরসভার ২০ জন স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা । এঁদের পাশাপাশি এগিয়ে এসেছিল বেশ কিছু এনজিও, বাদ যায়নি ধর্মগুরুরাও।

প্রবীণদের পাশাপাশি নারী সুরক্ষা ও সচেতনতা ছিল শিবিরের আরেক উজ্জ্বল দিক। পারিবারিক হিংসা বা যেকোনো ধরনের নির্যাতনের শিকার মহিলারা যাতে দ্রুত প্রশাসনিক সহায়তা পেতে পারেন, সে বিষয়ে কৃষ্ণনগর ওয়ান স্টপ সেন্টারের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়। সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা, আইনি পরামর্শ, মানসিক স্বাস্থ্য সেবা এবং বিপদের দিনে আপৎকালীন আশ্রয়ের মতো পরিষেবাগুলো কীভাবে এক ছাতার তলায় পাওয়া সম্ভব, তা সাধারণ মানুষের সামনে সহজ করে তুলে ধরা হয়। সমাজের প্রান্তিক স্তরে থাকা বিপন্ন নারীরা যাতে নিজেদের অসহায় মনে না করেন, প্রশাসন যে সব সময় তাঁদের পাশে আছে, এদিনের শিবিরের মাধ্যমে সেই ভরসাই দেওয়া হয়। সামগ্রিকভাবে প্রবীণদের সম্মান আর নারীদের নিরাপত্তা সুনিশ্চিত করার মানবিক উদ্যোগ রানাঘাটে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

SHILPANEER NEWSPAPER
Verified by MonsterInsights