কোন্নগর,হুগলী,তন্ময় ভৌমিক:- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে সূচনা হয়েছে দেবীপক্ষের আর দেবীপক্ষের আগমনে বাঙালী মেতে উঠেছে শারদ উৎসবের আনন্দে, দুর্গাপুজো মানেই রঙের ছোঁয়া,শিল্পের সৌন্দর্য আর বাঙালীর চিরাচরিত ঐতিহ্য।সেই উৎসবের আমেজে আলপনার গুরুত্বও অপরিসীম,আলপনা ছাড়া যেন শারদ উৎসবের সাজে কোথাও একটা অপূর্ণতা থেকেই যায়। আর সেই ঐতিহ্য ও শিল্পকলাকে আরও সুন্দরভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উদ্যোগী হলো হুগলী জেলার কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাব,আজ ১১ই অক্টোবর ২০২৬ রবিবার কোন্নগর মনসাতলা মন্দিরে কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাবের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরেও সর্বসাধারণের জন্য আয়োজন করা হয়, এক আলপনা প্রতিযোগীতার। এই বছর উক্ত আলপনা প্রীতিযোগীতা তৃতীয় বর্ষে পদার্পন করলো,উৎসবের আবহে এই প্রতিযোগীতাকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের মধ্যে দেখা যায় যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা। এই প্রতিযোগীতার অন্যতম আকর্ষণ ছিল প্রতিযোগীদের বয়সের বৈচিত্র্য,এই প্রতিযোগীতায় সর্বনিম্ন বয়সের প্রতিযোগী ছিল তিন বছরের এক ক্ষুদে বালক ও সর্বোচ্চ বয়সের প্রতিযোগী ছিলো ৫৭ বছর বয়সী পুরুষ। বিভিন্ন বয়সের প্রতিযোগীরা নিজেদের শিল্পসত্তাকে আলপনার মাধ্যমে ফুটিয়ে তোলেন, ছেলে-মেয়ে মিলিয়ে সর্বমোট ৪২ জন প্রতিযোগী এই প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। উপস্থিত সকল প্রতিযোগীদের মানপত্র দেওয়া হয়,প্রতিযোগীদের শিল্পকর্মে ফুটে ওঠে সৃজনশীলতা, রঙের ব্যবহার এবং বাংলার লোকশিল্পের ঐতিহ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় অঙ্কন শিল্পীরা,তাঁদের উপস্থিতি প্রতিযোগীদের উৎসাহিত করার পাশাপাশি অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে,কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অঙ্কন শিল্পীদের বিশেষভাবে সংবর্ধনা জানানো হয়। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে তুলে দেওয়া হয় মেমেন্টো ও নগদ পুরস্কার। চতুর্থ থেকে দশম স্থানধিকারী প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হল মেমেন্টো এবং এই প্রতিযোগীতায় অংশ গ্রহণকারী দশ বছরের কম বয়সী প্রতিযোগীদের জন্য ছিল বিশেষ পুরস্কার। আগামী ১৮ই অক্টোবর ২০২৬ রবিবার মহাসপ্তমীর দিন দুপুর ১২টায় কোন্নগর রবীন্দ্রভবনের সন্নিকটে আয়োজিত অনুষ্ঠানে উক্ত প্রতিযোগীতার পুরস্কার প্রাপকদের পুরুস্কার দিয়ে সম্মানিত করা হবে। সব মিলিয়ে কোন্নগর মোহনবাগান ফ্যানস ক্লাবের এই উদ্যোগ শারদ উৎসবের আনন্দের সঙ্গে শিল্প ও সংস্কৃতির মেলবন্ধন ঘটিয়েছে । তিন বছরের ক্ষুদে থেকে ৫৭ বছরের প্রবীণ সকলকে একই মঞ্চে শিল্পচর্চার সুযোগ করে দেওয়ার মধ্য দিয়ে এই আয়োজন হয়ে উঠেছে প্রজন্মের মিলন ক্ষেত্র। উৎসবের আনন্দের পাশাপাশি বাংলার ঐতিহ্যবাহী আলপনা শিল্পকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এই প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।


























