নিজস্ব খবর: কলকাতার মধ্যে শহুরে কৃষি চাষ করে বিকল্প জীবিকার লক্ষ্যে উদ্যোগিদের নিয়ে আলোচনা হল পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে। গত রবিবার ২৯ মার্চ এই উদ্যোগের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা কমিটি। সংগঠনের ৪০ বছর পূর্তিতে বছর ভর উদ্যোগী কৃষিজীবী দের সাথে দুয়ারে বৈঠকের অঙ্গ হিসাবে এই কর্মসূচি। ছোট চৌবাচ্চায় জিওল মাছ চাষ এবং রঙিন মাছ চাষ করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের যুগ্ম অধিকর্তা ড. বিমল কিঙ্কর চাঁদ। বাড়ির উঠানে বা বারান্দায় মাশরুম এবং ছাদে সব্জি চাষের বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিশেষজ্ঞ ড. প্রদ্যুৎ পাঠক। দুজন বিশেষজ্ঞই জৈব চাষ এবং অল্প জায়গায় অতিরিক্ত মূল্য যুক্ত চাষের নানান দিকে জোর দেন। সাথে বৃষ্টির জলের ব্যবহার ও কেঁচো সার তৈরি এবং ব্যবহারের কথা বলেন। এই কাজে সাফল্য অর্জনকারীদের অভিজ্ঞতা বর্ণনা করেন। আলোচনায় উপস্থিত বেলগাছিয়া, বউ বাজার, শিয়ালদহ এলাকার তিন জন মহিলা সহ ১০ জনকে উৎসাহ দিয়ে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের কলকাতা জেলা সম্পাদক শেখ সোলেমান জানান এই উদ্যোগীদের হাতে কলমে চাষ ও বাজারীকরণে যথাযথ সহায়তা করা হবে। শুরুতে প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করে বিজ্ঞান মঞ্চের এই উদ্যোগের কলকাতা জেলা টিমের আহবায়ক অধ্যাপক প্রদীপ কুমার দাস জানান বিজ্ঞান প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শহুরে কৃষি চাষ করে অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এই প্রয়াস। তিনি জানান উৎসাহীদের প্রাথমিক উপকরণ যোগানের ব্যবস্থা করা হবে এবং ধারাবাহিক ভাবে উদ্যোগীদের পাশে থেকে আশু সমস্যার সমাধান করা হবে। উপস্থিত সকলকে ধন্যবাদ জানান জেলা সম্পাদকমণ্ডলীর বিশিষ্ট সদস্য শ্রী সমীর জানা।
