web analytics

কলকাতা, ২৬ অক্টোবর, ২০২৬: পরিচালক অভিনয় দেও-র দুসরা ২৩ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের এক স্মরণীয় অধ্যায়কে আত্ম-অনুসন্ধান, আত্মপরিচয় ও ব্যক্তিস্বাধীনতার এক সংবেদনশীল কাহিনির সঙ্গে মেলানোর অভিনব প্রয়াস ছবিটিকে বিশেষ মাত্রা দিয়েছে। ছবির ট্রেলারের প্রশংসা করেছেন অভিনেতা অনিল কাপুর এবং ভারতীয় ক্রিকেটের অন্যতম পরিচিত মুখ রোহিত শর্মাও। তাঁদের বক্তব্যে উঠে এসেছে ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্তের আবেগঘন উপস্থাপনা।

২০০২ সালের ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ঐতিহাসিক জয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে দুসরা। লর্ডসের ব্যালকনিতে দাঁড়িয়ে তৎকালীন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের জার্সি ঘোরানোর সেই অবিস্মরণীয় মুহূর্তকে ছবিতে দেখা হয়েছে এক অন্য দৃষ্টিকোণ থেকে। ক্রিকেটের ইতিহাসে চিরস্মরণীয় এই ঘটনাকে ছবিটি যুক্ত করেছে তারা নামের এক তরুণীর ব্যক্তিগত জীবন, আত্মপরিচয়ের সন্ধান এবং নিজের মতো করে বাঁচার লড়াইয়ের সঙ্গে।  রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে ওঠা তারা যেন নিজের চারপাশের জগতের সঙ্গে ক্রমশ বেমানান হয়ে পড়ে। সমাজের প্রচলিত নিয়ম, প্রত্যাশা এবং নিজের মনের প্রশ্নগুলির মধ্যে দাঁড়িয়ে সে খুঁজতে থাকে নিজের পরিচয়। টেলিভিশনের পর্দায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই সাহসী উদ্‌যাপন তার মনে জাগিয়ে তোলে প্রতিবাদের শক্তি। অন্যায় ও প্রতিষ্ঠিত রীতিনীতির সামনে মাথা নত না করে নিজের বিশ্বাসের পক্ষে দাঁড়ানোর সাহস খুঁজে পায় তারা। এভাবেই ক্রিকেটের এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে ওঠে তার ব্যক্তিগত মুক্তির অনুপ্রেরণা।

ছবির ট্রেলার দেখে মুগ্ধ অভিনেতা অনিল কাপুর বলেন, “ট্রেলারটি আমার দারুণ লেগেছে। বাস্তব ও কল্পনার দুটি পৃথক জগৎকে অভিনয় যেভাবে অনায়াসে একসূত্রে গেঁথেছে, তা সত্যিই প্রশংসনীয়। ন্যাটওয়েস্ট সিরিজের সেই ঐতিহাসিক জয়ের উন্মাদনা আজও আমার মনে আছে। সেই জয় ছিল অভূতপূর্ব। গোটা একটা প্রজন্মকে তা বিশ্বাস করতে শিখিয়েছিল যে ভারত যে কোনও জায়গায়, যে কোনও প্রতিপক্ষের বিরুদ্ধে জিততে পারে। ছবিটি দেখার জন্য আমি সত্যিই মুখিয়ে আছি।” রোহিত শর্মার কাছেও ২০০২ সালের সেই জয় এক বিশেষ স্মৃতি। ভারতের ন্যাটওয়েস্ট ফাইনাল জয়ের সময় তাঁর বয়স ছিল মাত্র ১৫ বছর। ছবির ট্রেলারের প্রশংসা করে তিনি বলেন, “২০০২ সালে ভারত যখন ন্যাটওয়েস্ট ফাইনাল জিতেছিল, তখন আমার বয়স ছিল ১৫… কী অসাধারণ একটা মুহূর্ত! শুধু প্রত্যাবর্তন নয়, গোটা দলের আত্মবিশ্বাসও ছিল অবিশ্বাস্য! ‘দুসরা’ সুন্দরভাবে তুলে ধরেছে কেন সেই মুহূর্তটি শুধুমাত্র একটা ম্যাচ জেতার মধ্যে সীমাবদ্ধ ছিল না। এইমাত্র ট্রেলারটি দেখলাম, ছবিটি দেখার জন্য মুখিয়ে আছি!”

পরিচালক অভিনয় দেও-র কথায়, দুসরা আসলে এমন এক দেশের গল্প, যে নিজের কণ্ঠস্বর খুঁজে পায়, আর এমন এক তরুণীর গল্প, যে আবিষ্কার করে নিজের সত্তাকে। তাঁর মতে, ছবিটি স্বাধীনতার এক অন্য অর্থ অনুসন্ধান করে। ১৯৪৭ সালে অর্জিত রাজনৈতিক স্বাধীনতার বাইরেও রয়েছে আবেগের স্বাধীনতা—দীর্ঘদিনের সামাজিক বিধিনিষেধ, প্রথা এবং প্রচলিত ধারণার বেড়াজাল ভেঙে বেরিয়ে আসার মুক্তি। সেই মুক্তির আকাঙ্ক্ষাই ছবির অন্যতম প্রধান অনুষঙ্গ। প্রযোজক মাশা সাজদেহ বলেন, “দুসরা-কে অবশেষে বড় পর্দায় নিয়ে আসতে পেরে আমরা ভীষণ আনন্দিত। এই গল্প আমাদের সকলের, আবার প্রত্যেকের ব্যক্তিগত গল্পও। আমরা আশা করি, ছবিটি দর্শকদের আনন্দ দেবে, আবেগাপ্লুত করবে এবং দীর্ঘদিন ধরে চলে আসা প্রচলিত ধারণাগুলিকে নতুন করে প্রশ্ন করতে অনুপ্রাণিত করবে।”

মাশা সাজদেহ ও রোহন সাজদেহ প্রযোজিত এই ছবির সহ-প্রযোজক নীতা শাহ। ছবির গল্প ও চিত্রনাট্য লিখেছেন অ্যাঞ্জেলো ওসউইন ডায়াস এবং আবহসংগীত পরিচালনা করেছেন রাম সম্পত। দুসরা-য় অভিনয় করেছেন প্লাবিতা বোরঠাকুর, অঙ্কুর বিকাল, সমীধা গুরু, ত্বিষা সীমা এবং কৃষ্ণা গোকানি। ২৩ অক্টোবর থেকে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে দুসরা। ভারতীয় ক্রিকেটের এক ঐতিহাসিক জয়ের নস্টালজিয়াকে এক তরুণীর আত্মপরিচয় ও স্বাধীনতার সন্ধানের সঙ্গে মিলিয়ে ছবিটি দর্শকদের সামনে তুলে ধরেছে সাহস, আত্মবিশ্বাস এবং প্রচলিত ধারণাকে প্রশ্ন করার এক অনুপ্রেরণামূলক আখ্যান। ক্রিকেটের মাঠে যে মুহূর্ত এক প্রজন্মকে নতুন করে বিশ্বাস করতে শিখিয়েছিল, সেই মুহূর্তই এখানে হয়ে উঠেছে ব্যক্তিগত মুক্তি ও নিজের কণ্ঠস্বর খুঁজে পাওয়ার প্রতীক।

 

 

 

error

Enjoy this blog? Please spread the word :)

Verified by MonsterInsights