কলকাতা, ২৯ জুন: আন্তর্জাতিক এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে ফেডারেশন অব অ্যাসোসিয়েশনস অব স্মল ইন্ডাস্ট্রিজ অব ইন্ডিয়া (ফাসি)-এর উদ্যোগে কলকাতায় “উন্নত বাংলার জন্য এমএসএমই-র অপরিসীম সম্ভাবনা” শীর্ষক একটি জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিল্পপতি, সরকারি প্রতিনিধি, ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তারা, স্টার্টআপ উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং শিল্পোদ্যোগীরা অংশগ্রহণ করেন। পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম অগ্রণী শিল্প ও উদ্যোগের কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার বার্তা উঠে আসে। অনুষ্ঠানে ইনফ্রাফিউশন ইঞ্জিনিয়ারিং লিমিটেড (আইএফএল)-এর বিশেষ সহযোগিতা ছিল। উপস্থিত বিশিষ্ট অতিথিদের মধ্যে মন্ত্রী ড. শঙ্কর ঘোষ, ড. ইন্দ্রনীল খান, কৌস্তভ বাগচী এবং অশোক দিন্দা এমএসএমই ক্ষেত্রকে অর্থনৈতিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং আত্মনির্ভরতার গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে তুলে ধরেন। ফাসি-র জাতীয় সভাপতি শৈলেশ্বর পাণ্ডা বলেন, “পশ্চিমবঙ্গের টেকসই উন্নয়ন ও কর্মসংস্থানের প্রসারের জন্য এমএসএমই ক্ষেত্রকে উন্নয়নের মূল ধারায় আনতে হবে। এই ক্ষেত্র যুবসমাজকে চাকরিপ্রার্থী থেকে চাকরিদাতায় পরিণত করার ক্ষমতা রাখে।” তিনি শিল্পবান্ধব নীতি, সহজ অনুমোদন প্রক্রিয়া, আর্থিক সহায়তা, উন্নত শিল্প পরিকাঠামো এবং রপ্তানিমুখী পরিবেশ তৈরির উপর জোর দেন।
সেমিনারে শিল্পনীতি, ঋণের সুযোগ, ডিজিটাল রূপান্তর, কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর উৎপাদন, প্রযুক্তিগত উদ্ভাবন, রপ্তানি প্রসার, স্টার্টআপ উন্নয়ন, মহিলা উদ্যোগপতিত্ব এবং গ্রামীণ শিল্প সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়। বক্তারা জানান, সরকার, শিল্প ও আর্থিক প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগে পশ্চিমবঙ্গকে দেশের অন্যতম প্রধান এমএসএমই ও উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে শিল্পোন্নয়নের ভাবনায় একটি অনুপ্রেরণামূলক গান প্রকাশ করা হয়। সিএসআর উদ্যোগের অংশ হিসেবে আইএফএল-এর সহযোগিতায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মহিলাদের মধ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষে ফাসি সকল অতিথি, শিল্প প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে “বিশ্বকর্মা বাংলা” গড়ার লক্ষ্যে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।




















